খেলাধুলা

স্কটল্যান্ডে ধরাশায়ী ইতালি

বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচটা রাঙাতে পারল না ইতালি। যে স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল আজ্জুরোরা, তাদের কাছেই আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে হার মেনেছে ৭৩ রানের বড় ব্যবধানে।

কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালি টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে জর্জ মুনসে, ব্রান্ডন ম্যাকমুলেন ও মাইকেল জোনসের ব্যাটে ভর করে ৪ উইকেটে ২০৭ রানের বড় সংগ্রহ দাঁড় করে। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ১৩৪ রানে অলআউট হয় ইতালি। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানলেও দ্বিতীয় ম্যাচে ইতালিকে ৭৩ রানে হারিয়ে ঘুরে দাঁড়াল স্কটিশরা।

ইতালির মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তাদের মধ্যে বেন মানেন্তি ৩১ বলে ৫টি চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। হ্যারি মানেন্তি ১ চার ও ৩ ছক্কায় করেন ৩৭ রান। এছাড়া জেজে স্মুটস ২২ ও অ্যান্থনি মোসকা করেন ১৩ রান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা।

বল হাতে স্কটল্যান্ডের মাইকেল লিয়াক্স ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। মার্ক ওয়াট ৪ ওভারে ২৪ রানে ২টি উইকেট নেন।