সারা বাংলা

শরীয়তপুরে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। তিনি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে ১৪টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সখিপুর থানার চরভাগায় তার নিজ বাড়িতে ২০ পৃষ্ঠার নির্বাচনি অঙ্গীকারের বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। 

সমৃদ্ধ নড়িয়া-সখিপুর গড়ার লক্ষ্যে ইশতেহারে ১৪টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন তিনি। এগুলো হলো- সুশাসন, আইনশৃঙ্খলা এবং জনসেবা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন, শিক্ষা: দক্ষতা ও আগামীর প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, সামাজিক ন্যায়বিচার, অবকাঠামো ও চরাঞ্চল উন্নয়ন, যুব কর্মসংস্থান সৃষ্টি, প্রবীণ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর কল্যাণ, পর্যটন ও ইকো পার্ক, প্রবাসী কল্যাণ ও দক্ষতা উন্নয়ন, খেলাধুলা ও সংস্কৃতি, পরিবেশ ও জলবায়ু । 

নড়িয়া–সখিপুরে সুশাসন ও দ্রুত জনসেবা নিশ্চিত করে শক্তিশালী স্থানীয় সরকার গড়া হবে। কৃষি–মৎস্য আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শক্ত অর্থনীতি গড়ে তোলা হবে। মানসম্মত স্বাস্থ্য ও শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং নারী–যুব ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল উন্নয়ন, প্রবাসী কল্যাণ ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে ন্যায়ভিত্তিক নিরাপদ জনপদ গড়ে তোলা হবে বলে জানান তিনি।