রাজনীতি

দেশ পুনর্গঠনের লক্ষ্যে এ নির্বাচন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশ পুনর্গঠনের লক্ষ্যে এ নির্বাচন। দলের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব তরুণ প্রজন্মের আশার প্রতীক। তার নেতৃত্বেই এ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনের অধীন বাসাবো বালুর মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “দেশের মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ এখন তৈরি হয়েছে।” 

তবে তিনি উল্লেখ করেন, ১২ তারিখের নির্বাচন শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এই নির্বাচন দেশের পুনর্গঠনের লক্ষ্য নিয়েই হওয়া উচিত।

উপস্থিত জনতার উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, “দেশের পুনর্গঠনের কাজে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”

জনসভায় তিনি ঢাকা-৯ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে খেলাধুলার মাঠের সংকটের কথা উল্লেখ করে বলেন, জনগণের চাহিদা অনুযায়ী অবকাঠামো উন্নয়ন করা হবে। 

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে এলাকায় নতুন খেলার মাঠ নির্মাণ করা হবে।

স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন নিয়েও বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, “এ এলাকায় যে হাসপাতাল আছে, সেটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় নির্মিত হয়েছিল। কিন্তু, সময়ের সঙ্গে জনসংখ্যা ও চিকিৎসার চাহিদা বাড়লেও গত ১৬ বছরে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।” 

তারেক রহমান বলেন, “বড় বড় প্রকল্পের নামে দুর্নীতি হলেও জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা উন্নত হয়নি।”

হাবিবুর রশিদ হাবিব সম্পর্কে তারেক রহমান বলেন, “তিনি এ এলাকার সন্তান এবং দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের পাশে আছেন। এলাকার উন্নয়ন এবং মানুষের সমস্যা সমাধানে স্থানীয়ভাবে বেড়ে ওঠা নেতৃত্বই কার্যকর ভূমিকা রাখতে পারে। নির্বাচিত হলে হাবিব এলাকার প্রতিটি মানুষের কল্যাণে কাজ করবেন।”

বক্তব্যে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “দেশের স্বার্থে তারা কখনো আপস করেননি এবং জনগণের পাশে থেকেছেন।”

বিএনপির চেয়ারম্যান আরো বলেন, “আসন্ন নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, বরং দেশের ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ সুযোগ।” 

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।