প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
দুর্নীতি ও দুঃশাসন মুক্ত ইনসাফের দেশ গড়তে ১১ দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতের হাতেই পরিবর্তন সম্ভব।”
তিনি বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হবে। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, মুগ্ধ আবু সাঈদ, ওসমান হাদিরা।”
শফিকুর রহমান বলেন, “দেশকে বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে বদলাতে চাই। দেশে শান্তি ফিরে আসুক। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই।”
এই ভাষণে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, “কেবলমাত্র গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিলেই এই পরিবর্তন সম্ভব।”
তিনি বলেন, “দেশের জনগণ কেমন বাংলাদেশ চায় সেটা দেশের মানুষকেই ঠিক করতে হবে।”
কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতে চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণাও দেন জামায়াত আমির।
তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে বিচার বিভাগকে আমূল পরিবর্তন, সৎ ব্যক্তিদের বিচারকে আসনে বসানো ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ জামায়াত ইসলামী।”
এর আগে, রবিবার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি।