রাজনীতি

ভোটের দিন একেকটি মোবাইল ফোন টিভি স্টেশনের ভূমিকা পালন করবে

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সবার মোবাইল ফোন প্রস্তুত রাখবেন। আপনারা সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের একেকটি মোবাইল ফোন একেকটি টিভি স্টেশনের ভূমিকা পালন করবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নির্বাচনি গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগামী ১২ তারিখ ১১ দলীয় জোটের নেতৃত্বে জামায়াতের কোনো সরকার হবে না, এনসিপির সরকার হবে না, ১৮ কোটি মানুষের সরকার গঠন হবে বাংলাদেশে। গণতান্ত্রিক বাংলাদেশ হবে, যেখানে আপনার সন্তান নিরাপদ থাকবে। আপনার সন্তান ভালো শিক্ষা পাবে। আপনার আব্বু-আম্মু ভালো একটি স্বাস্থ্য ব্যবস্থা পাবে।”

তিনি বলেন, “আপনারা জানেন, আমরা ১১ দলীয় জোট গঠন করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে ভারতের চোখে চোখ রাখার জন্য। আমরা বলতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষের জীবন যাবে, তবু এক সেকেন্ডের জন্য ভারতের বিজেপির কাছে আমরা মাথা নত করব না। এখানে ইসলামকে রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজাদির লড়াই চলছে, চলবে। আমরা যতদিন জীবিত আছি, ইনসাফের রাজত্ব কায়েম করবই করব।”

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “বাংলাদেশে গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য অনেক অপচেষ্টা চালানো হয়েছে। আমাদের মা-বোনদের পেটে লাথি মারা হয়েছে, কাউকে দা দিয়ে কোপ দেওয়া হয়েছে, কারো মাথায় পাথর নিক্ষেপ করা হয়েছে, কারো বোরকা ধরে টান দেওয়া হয়েছে, কাউকে খুন করা হয়েছে। আজকেও আমাদের নির্বাচনি একটি ক্যাম্পে চাপাতি-ছুরি দিয়ে চারজন ভাইকে আহত করে তারা পালিয়ে গেছে।”