ভোটার, প্রার্থী এবং তাদের এজেন্ট মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে যেখানে ব্যালটে সিল দেওয়া হয় সেখানে ছবি তোলা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ইসি সচিব জানান, এ বিষয়ে নতুন করে পরিপত্র সংশোধন করে দেওয়া হবে, যাতে দ্বিধা না থাকে। তবে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ থাকবে। যেমন পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোবাইল ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে। বিষয়টি প্রয়োজন অনুযায়ী ফিল্টার করে নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘‘ভোটার, সাংবাদিক, সংবাদকর্মী ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যেতে পারবেন—বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করা হলো। শুধু গোপন কক্ষে ছবি তোলা যাবে না। এ বিষয়ে আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই।’’
এর আগে গতকাল রবিবার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোট কেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এমন সিদ্ধান্তের পর তীব্র সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন।