সারা বাংলা

ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে মানুষ: দুলু

বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ এবার বিএনপি এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নাটোর শহরের হুগোলবাড়িয়া বিহারি পাড়ায় আয়োজিত এক নির্বাচনি মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

দুলু বলেন, “আমি নাটোরের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, গত প্রায় ২৪ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটকেন্দ্রে যেতে পারেনি, নিজের ভোট দিতে পারেনি। তাই এবার ভোটাধিকার ফিরে পেতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।”

তিনি আরো বলেন, “জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। এজন্য ধানের শীষের প্রতি মানুষের সমর্থন দিন দিন বাড়ছে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম খান, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।