ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বেশ কিছু কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত মোট সাড়ে ৮১ ঘণ্টা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় বহিরাগতরা অবস্থান করতে পারবেন না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বাস্তবায়নের নির্দেশনা দেন।
নির্দেশনায় বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।
এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীকে এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।