লক্ষ্মীপুর শহেরে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃথক গণমিছিলে অসুস্থ হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল দুইজনের মৃত্যু তথ্য জানিয়েছেন।
মারা যাওয়ারা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও জামায়াত কর্মী আব্দুস সহিদ এবং একই এলাকার বিএনপির কর্মী ওবায়দুল হক।
বিএনপি সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে গণমিছিল বের হয়। মিছিল চলাকালে বিএনপি কর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেন নেতাকর্মীরা।
জামায়াত সূত্র জানায়, বিকেলে ১১ দলীয় জোটের গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। মিছিল যোগ দিতে আসার পথে আব্দুস সহিদ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, মারা যাওয়া সহিদ বাড়ি থেকে মিছিলে আসার পথে মারা যান।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, মিছিল শুরুর আগে আদর্শ সামাদ স্কুলের মাঠে অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল হক। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডা. অরুপ পাল বলেন, “দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তারা মারা যান। ধারণা করা হচ্ছে, তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”