ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিজিবি মহাপরিচালক নির্বাচনি বেইজ ক্যাম্পটি পরিদর্শন শেষে সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় অংশ নেন।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, র্যাব, পুলিশসহ অন্যান্য দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বিজিবির যশোর রিজিয়ন ও খুলনা সেক্টরের অধীনস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিজিবি মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
এসময় সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বিজিবি মহাপরিচালক আরো বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। এছাড়াও সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।
সমন্বয় সভা শেষে বিজিবি মহাপরিচালক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে স্থাপিত নির্বাচনি বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি সর্বোচ্চ সংখ্যক টহল পরিচালনা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি শক্ত ও দৃঢ়ভাবে মোকাবেলার তাগিদ দিয়ে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং খুলনা সেক্টরের অধীনস্থ সকল ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সেক্টরের আওতাধীন খুলনা ও বরিশাল অঞ্চলে স্থাপিত সকল নির্বাচনি বেইজ ক্যাম্পের কমান্ডারগণ ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে যুক্ত ছিলেন।
শাহীন গোলদার,সাতক্ষীরা। ০৯.০২.২৬