সারা বাংলা

তালায় ওয়ার্কার্স পাটির নেতা ও তার মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ

২০ হাজার টাকা চাঁদার দাবিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরার তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিরন্ময় মন্ডল ও তার ছয় বছরের মেয়ে নাতাশা মন্ডলকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার দলুয়া-মশিয়াডাঙা ও আহসাননগর-দলুয়া সড়কের কৃষ্ণনগর তিন রাস্তার মোড়ে হামলার শিকার হন তারা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব সরদার নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটক সজীব পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের টিকারামপুর গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে। আব্দুল খালেক টিকারামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানিয়েছে পুলিশ। 

আহত হিরন্ময় মন্ডল অভিযোগ করে জানান, সোমবার সকালে মেয়ে নাতাশাকে নিয়ে পাসপোর্ট করার জন্য মোটরসাইকেলে সাতক্ষীরায় যেতে বাড়ি থেকে রওনা দেন। পৌনে ১০টার দিকে কৃষ্ণনগর গ্রামের তিন রাস্তার মোড়ের কালভার্টে পৌঁছালে পেছন থেকে সজীব এসে তার মোটরসাইকেলের সামনে দাঁড়ান। সরে যেতে বললে সজীব ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে ও তার মেয়েকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন তিনি। ভাঙচুর করা হয় মোটরসাইকেল। একপর্যায়ে সজীব এক হাজার টাকা ছিনিয়ে নেন। বাকি ১৯ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে না দিলে হত্যার হুমকি দেন। 

হিরন্ময় মন্ডল জানান, পরে স্থানীয়রা এস তাকে ও মেয়েকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

খলিশখালি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ জানান, সোমবার দুপুরে স্থানীয়দের সহায়তায় টিকারামপুর গ্রাম থেকে সজীবকে আটক করে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। তার বাবা টিকারামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি। সজীবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক হাজার টাকার মধ্যে ৯২৫ টাকা উদ্ধার করা হয়েছে। 

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব বালা জানান, এ ঘটনায় হিরন্ময় মন্ডল বাদী হয়ে সোমবার বিকেলে সজীব সরদারের নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করেছেন।