জাতীয়

নির্বাচনের সময় যান চলাচলে নিষেধাজ্ঞা থেকে ছাড় পেল ডাক বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন যান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে ডাক বিভাগের যানবাহনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

পোস্টাল ব্যালট নিরাপদ ও সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেওয়ার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক পরিবহন বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

ইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর দায়িত্ব ডাক অধিদপ্তরের ওপর ন্যস্ত রয়েছে।

চিঠিতে আরো বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে পোস্টাল ব্যালট পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ডাক বিভাগের যানবাহনগুলোকে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকালীন ডাক বিভাগের যানবাহন নির্বিঘ্নে চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।