সারা বাংলা

পাথরঘাটা জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত জামায়াত নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কাঠালতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বয়ারগুদি সেতু-সংলগ্ন এলাকায় এ হামলা হয়। 

আহত মাওলানা মাহফুজুর রহমান (৫০) কাঠালতলী ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর মাঝির ছেলে। কাঠালতলী দাখিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মাহফুজুর রহমান।

আহত মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেছেন, “দুপুরে মাদ্রাসা থেকে রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাজারের উদ্দেশে রওনা দিই। বয়ারগুদি ব্রিজের কাছে পৌঁছালে আমাদের গতিরোধ করে হামলা চালায় বিএনপির নেতা কর্মী টিপু, হাসান, মাহমুদ ও ইমামসহ ৬ থেকে ৭ জন। আমাকে লাঠি ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এতে আমার দুই পা ও একটি হাত ভেঙে যায়।” 

হামলার শিকার হওয়ার পর স্থানীয়রা মাহফুজুর রহমানকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় জামায়াত নেতাদের দাবি, আগের রাতে নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় সোলায়মান সাদিক ও ফিরোজ নামে কয়েকজন মাহফুজুর রহমানের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল। তারা সবাই বিএনপির কর্মী। 

পাথরঘাটা উপজেলা জামায়েতের সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর হোসেন বলেছেন, “হামলাকারীরা বিএনপির চিহ্নিত সন্ত্রাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাই।” 

তবে, এ বিষয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক বলেছেন, “ভোট গ্রহণের আর মাত্র এক দিন বাকি। এই মুহূর্তে তারা নিজেরাই নাটক সাজিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। স্পষ্টভাবে বলতে চাই, তাদের ওপর বিএনপির কেউ কোনো হামলা চালায়নি।”

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “আহত ব্যক্তিকে পাথরঘাটা থানায় আনা হয়েছিল। তবে, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন। সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”