সারা বাংলা

ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে স্থাপন করা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা চুরি হয়েছে। এ ঘটনায় নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে সিসি ক্যামেরা চুরির বিষয়টি জানতে পারেন সংশ্লিষ্টরা। তবে, চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সোমবার বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন সকালে বিদ্যালয়ে এসে তারা দেখতে পান, ভবনের সামনের অংশে স্থাপিত একটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।

নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেছেন, “গতকাল (সোমবার) বিদ্যালয় ছুটি হওয়ার পর নিয়ম অনুযায়ী ভবনের ফটক বন্ধ করে সবাই চলে যাই। আজ (মঙ্গলবার) সকালে এসে দেখি, সামনের দিকে স্থাপন করা একটি সিসি ক্যামেরা নেই।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেছেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”