সারা বাংলা

আদিবাসীদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আদিবাসী ও সংখ্যালঘুদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শহরের গণকপাড়া এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠী এখনো ভোট দিতে গিয়ে হামলা, সম্পদ হারানো, সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা করছে। এতে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসিটিভি মনিটরিং, দ্রুত বিচার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, গোদাগাড়ী উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, সাংগঠনিক সম্পাদক শাওন ভূইয়া, এলিনা আগ্নেশ, তৃণা মুরমুসহ আদিবাসী নেতারা।