সারা বাংলা

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার অভিযোগ

পটুয়াখালীর দুমকীতে ভোটকে‌ন্দ্রের একটি কক্ষে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপ‌জেলার পাঙ্গা‌শিয়া ইউ‌নিয়‌নের নেছারিয়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের একটি কক্ষে রাতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে বড় কোনো ক্ষতি না হলেও ভেতরের কয়েকটি বেঞ্চ ও টিনের বেড়া পুড়ে গেছে। 

পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক জানান, বিদ্যালয়ের পাশের মসজিদে নামাজ শেষে মুসল্লিরা বাড়িতে যাচ্ছিলেন। এসময় বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভা‌নোর চেষ্টা ক‌রেন তারা। রাত সোয়া ৯টার দি‌কে আগুন নিয়ন্ত্রণে আসলেও ক‌ক্ষের কয়েকটি বেঞ্চ এবং বেড়া পু‌ড়ে যায়।

তিনি জানান, কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়‌নি।‌ বে‌শি ক্ষ‌তি হয়‌নি। দুর্বৃত্তরা পুরনো টায়ারে আগুন লা‌গি‌য়ে এক‌টি কক্ষে নিক্ষেপ করে। নিরাপত্তায় দুইজন গ্রাম পুলিশ ও বিদ্যালয়ের একজন নৈশপ্রহরী দায়িত্বরত থাকলেও ঘটনার সময় তারা কেউ বিদ্যালয়ে ছিলেন না। তারা খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন। 

দুমকি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‍“ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমরা তদন্ত শুরু করেছি।”