সারা বাংলা

চট্টগ্রামের চন্দনাইশে ‘স্বতন্ত্র প্রার্থী’র গাড়ি থেকে ১০ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় তিনজনকে। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া টাকা চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মাইক্রোবাসসহ আটককৃতদের চন্দনাইশ থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও একটি মাইক্রোবাস জব্দ করে। আটক তিনজনের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।

তিনি জানান, উদ্ধার হওয়া টাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালার আলোকে টাকার উৎস এবং ব্যবহারের বিষয়টি যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তাকে পাওয়া যায়নি।