ক্যাম্পাস

ভোট দিতে শিক্ষার্থীদের জন্য বাস-ট্রেনের ব্যবস্থা করল চাকসু

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতে ৩ বিভাগীয় শহরে ৩টি বাস ও ঢাকাগামী একটি ট্রেনের ২ বগির ব্যবস্থা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে চবির জিরো পয়েন্ট থেকে খুলনা, রংপুর ও ময়মনসিংহের উদ্দেশ্যে ক্রমান্বয়ে ছেড়ে গেছে বাসগুলো। রাত ১১টায় সর্বশেষ গন্তব্যস্থল ঢাকায় ঢাকা মেইল ট্রেনটি ছেড়ে গেছে। নির্বাচনে কারণে যাতায়াতে অতিরিক্ত পরিবহন সংকটের কারণে আরো বাস চেষ্টা করেও ব্যবস্থা করা সম্ভব হয়নি বলে জানান চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, “আমরা চাকসুর পক্ষ থেকে আরো বাস ব্যবস্থা করার চেষ্টা করেছি, কিন্তু বাস এখন আর পাওয়া যাচ্ছে। ৩ বিভাগীয় শহরে ৩টি বাস ছেড়ে যাবে। আর শাটলের ২টি বগি ম্যানেজ হয়েছে।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার চাকসুর পক্ষ থেকে দাবি জানানো এবং আজ বিকেলে মূল ফটক দীর্ঘক্ষণ তালা দেওয়ার পরও প্রশাসন বাস প্রদান করেনি। শেষ পর্যন্ত প্রশাসন চাকসুকে জানিয়েছে, আমরা বাহির থেকে যতটা পারি বাস ম্যানেজ করতে, ভাড়াতে প্রশাসন যতটুকু পারে সমন্বয় করবে।”

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে চাকসুর দেওয়া গুগল লিংকে মোট রেজিস্ট্রেশন করেছেন ১০৭০ জন শিক্ষার্থী। এরমধ্যে ঢাকাতেই আবেদন করেছেন প্রায় ৫০০ জন। পূর্ব ঘোষণা অনুযায়ী বাস যাচ্ছে না ৩ বিভাগীয় শহর বরিশাল, রাজশাহী ও সিলেটে। তবে এ ৩ শহরের শিক্ষার্থীরাও ছেড়ে যাওয়া বাসগুলোতে যতদূর সম্ভব যেতে পারবেন বলে জানা গেছে।