টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে একসঙ্গে দুই বড় মাইলফলক ছুঁয়ে ফেললেন পাকিস্তানের দুই তারকা সাহিবজাদা ফারহান ও শাহিন শাহ আফ্রিদি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচেই ইতিহাসের পাতায় নাম লেখালেন দু’জনই।
একজন পূর্ণ করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রান। অন্যজন খেললেন নিজের শততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।
ম্যাচের আগে ৪০ ইনিংসে ফারহানের সংগ্রহ ছিল ৯৬৯ রান। মাত্র ৩১ রান দূরে দাঁড়িয়ে ছিলেন কাঙ্ক্ষিত মাইলফলক থেকে। পঞ্চম ওভারের শেষ বলে মিলিন্দ কুমারকে উড়িয়ে মারা বিশাল ছক্কায় সেই অপেক্ষার অবসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ করলেন এক হাজার রান।
ডানহাতি এই ওপেনার হয়ে গেলেন পাকিস্তানের ইতিহাসে মাত্র দশম ব্যাটার। যিনি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। এই তালিকায় রয়েছেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও শহীদ আফ্রিদির মতো কিংবদন্তিরা।
অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির জন্য দিনটি ছিল আবেগঘন। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক করা এই বাঁহাতি পেসার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে খেললেন নিজের শততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।
তিনি পাকিস্তানের সপ্তম ক্রিকেটার, যিনি অন্তত ১০০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই তালিকায় বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো অভিজ্ঞরাও রয়েছেন। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ১৪১টি টি-টোয়েন্টি খেলেছেন বাবর। যা দ্বিতীয় স্থানে থাকা মালিকের চেয়ে ১৮ ম্যাচ বেশি।
মাইলফলকের আগে সতীর্থদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পান শাহিন। একটি স্মরণীয় মুহূর্তে ফাস্ট বোলার নাসিম শাহ তার হাতে তুলে দেন স্মারক ক্যাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ডও সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানায়।
আগের ৯৯টি টি-টোয়েন্টিতে শাহিন নিয়েছেন ১২৯টি উইকেট। গড় ২১.৩৪। যা একজন ফাস্ট বোলারের জন্য দারুণ কার্যকর পরিসংখ্যান। রয়েছে দুটি চার উইকেটের সাফল্যও। ব্যাট হাতেও অবদান রেখেছেন, করেছেন ৩০৭ রান। শততম ম্যাচে ৪ ওভারে ৪২ রান দিয়ে ১টি উইকেট নেন তিনি।