পাবনায় ঈশ্বরদীতে অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) আনোয়ার জাহিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝলাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০), ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭) ও মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)।
এসপি আনোয়ার জাহিদ জানান, নির্বাচন সামনে রেখে জেলা পুলিশ অপরাধী ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ এলাকা থেকে শাহীন ও হযরতকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকা থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল, একটি বিদেশি ২২ বোর রাইফেলসহ ম্যাগজিন ও তাজা কার্তুজ, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, একটি সচল নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ ও ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ জব্দ করা হয়।
তিনি আরো জানান, কয়েকদিন ধরে অনুসন্ধান করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এই অভিযান চালায়। মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।