রাজনীতি

বিমানবন্দরে জামায়াত নেতা আটকের ঘটনাকে ‘নাটক’ বলছে দলটি 

জাতীয় নির্বাচনের একদিন আগে সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে আটকের ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছে দলটি। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন। 

জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার জন্য একদল লোক চক্রান্ত করছে দাবি করে তিনি বলেন, “জামায়াতের একজন নেতা ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, ‘আমি নিয়মিত আসা যাওয়া করি এবং কিছু লেনদেন করতে হয়।’ ব্যাংক বন্ধ, এ কারণে তার কাছে কিছু নগদ টাকা ছিল। এটা খুব স্বাভাবিক, তিনি ব্যবসা করতে পারেন। পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন।”

তিনি আরো বলেন, “বিমানবন্দরের মতো এমন সংরক্ষিত এলাকা, যেখানে সীমিত সংখ্যাক মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে, যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন নিউজ করা হচ্ছে। তিনি বয়স্ক লোক, দায়িত্বশীল ব্যক্তি, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মানসিক নির্যাতনের কারণে। এই মুহূর্তে তিনি হাসপাতালে আছেন।”

জামায়াত ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রায়স চালানো হয়েছে দাবি করে জামায়াত নেতা বলেন, “একদল লোক জামায়াত ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।”  

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হীন প্রয়াস চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। 

এর আগে বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে আটক করে পুলিশ। জব্দ করা হয় প্রায় ৫০ লাখ টাকা। 

নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত টাকা গণনা শেষ হলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।