দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকার পাশাপাশি ওপার বাংলাতেও নিয়মিত কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেতা। কয়েক দিন আগে ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির আমন্ত্রণে তার বাড়িতে গিয়েছিলেন চঞ্চল। সেখানে কাটানো সময়ের কিছু মুহূর্ত ছবি আকারে শেয়ার করে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন ‘মনের মানুষ’খ্যাত এই তারকা।
ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার ‘পদ্মশ্রী’ পেয়েছেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। বিশেষ সম্মাননা প্রাপ্তির আনন্দ উদযাপন উপলক্ষে নিজের বাসায় এক ঘরোয়া মিলনমেলার আয়োজন করেন তিনি। সেই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরীও। বুম্বাদার আতিথেয়তায় মুগ্ধ হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের এই তারকা অভিনেতা।
ফেসবুকে দেওয়া এক পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, “পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদার এই রাষ্ট্রীয় সম্মান অর্জন উপলক্ষে তার নিজের বাড়িতে এক মিলন মেলায় অপূর্ব আতিথেয়তা।”
প্রসেনজিৎ ছাড়াও চঞ্চলের নজর কেড়েছে তার ছেলে তৃষাণজিৎ চ্যাটার্জি (মিশুক)। তার প্রশংসা করে চঞ্চল চৌধুরী লিখেছেন, “অনেক অনেক আদর ও ভালোবাসা তারই পুত্র তৃষানজিৎ চ্যাটার্জিকে। ছেলেটা ঠিক ওর বাবার মতোই হয়েছে।”
প্রসেনজিৎ ও তার পুত্র তৃষাণজিৎ চ্যাটার্জির সঙ্গে চঞ্চল চৌধুরী
পোস্টের শেষে প্রসেনজিতের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে চঞ্চল চৌধুরী লেখেন, “অভিনন্দন ও কৃতজ্ঞতা বুম্বাদা।”
চঞ্চল চৌধুরীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভক্ত-অনুরাগীরাও পোস্টে নানা মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎকে।