গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ একটি ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) খাদে পড়ে গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নির্বাচনি সরঞ্জাম নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি ইঞ্জিনচালিত ভ্যানে হাসেম বাজার থেকে রুপার বাজারে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। সোলাগাড়ী এলাকায় পৌঁছালে ভ্যানের সামনের চাকা পাংচার হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে।
সহকারী রিটার্নিং অফিসার ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, “বড় কোনো ক্ষতি হয়নি। ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম সুরক্ষিত রয়েছে। নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়েছে।”