সারা বাংলা

নারায়ণগঞ্জে ব্যালট বাক্স খোলা নিয়ে জামায়াত-বিএনপি মুখোমুখি

নারায়ণগঞ্জ-৩ আসনের অধীন সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা পপুলার হাই স্কুল কেন্দ্র-২–এ ভোট গ্রহণের আগের রাতে ব্যালট বাক্স খোলা নিয়ে বিরোধে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর-সমর্থকরা। অভিযোগ উঠেছে, এ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের এ ভোটকেন্দ্রে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে এ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়া বলেছেন, “বিএনপির লোকজন এখানে সিন ক্রিয়েট করছেন।”

জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল ভূঁইয়া বলেছেন, “এ বিষয়ে আমি এখনো কিছু জানি না।”

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী বলেছেন, “নির্বাচনের আগে যেসব কাজ করতে হয়, আমরা সেগুলোই করছি। ভোটার তালিকা অনুযায়ী ব্যালট মিলিয়ে দেখতে হয়। এখানে বাইরের কেউ ছিল না। এখানে দলীয় কোনো আলোচনা হচ্ছিল না। আমি বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখেছি।”

প্রিজাইডিং অফিসারের জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিয়ম অনুযায়ী তাকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি আমাদের কাছে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ আমরা পাইনি। তিনি অনৈতিক কোনো কাজও করেননি। আমরা ভোটার তালিকা ও ব্যালট পেপারসহ সবকিছু পরীক্ষা করেছি।”