সারা বাংলা

ভোটারদের মধ্য ‘টাকা বিলানো’ নিয়ে বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকের এই সংঘর্ষে উভয় দলের অন্তত আটজন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামায়াতের অভিযোগ, ধানের শীষের নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে বেরিয়েছিল। খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা করে তারা। এতে তাদের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদেরকে চুরিকাঘাত করা হয়েছে।

তবে বিএনপির অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে ঢুকেছিল। তখন এক কথায়, দুই কথায় গন্ডগোল হয়। এতে বিএনপি দুজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক এবং বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ।

আহত জামায়াতের ছয় কর্মীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে বাগেরহাট-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মোস্তাইন বিল্লাহ বলেন, ধানের শীষের পক্ষে স্থানীয় লিটু মেম্বারসহ বিএনপির কিছু নেতাকর্মী টাকা বিতরণ করতে বেরিয়েছিল। খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা পিছু নিলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বিএনপি লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

তবে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাসুদের ভাষ্য, ৮-১০ জন জামায়াতের লোক মিলে বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট দিচ্ছিল। বিএনপির কর্মীরা তাদের বাঁধা দিলে এক কথায় দুই কথায় তাদের মাঝে গন্ডগোল বাঁধে। আমাদের দুই কর্মীর মাথায় আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানতে চাইলে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।