সারা বাংলা

রাজশাহীর ৬ আসনে ভোটগ্রহণ শুরু

রাজশাহীর ছয়টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এবারই প্রথম জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। 

একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, সাত সকালে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটাররা আসবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা।

ভোটগ্রহণ শুরুর পর কোথাও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে আছে।

রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী আছেন ৩২ জন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ভোটযুদ্ধে আছেন ৫ জন, রাজশাহী-২ আসনে ৬ জন, রাজশাহী-৩ আসনে ৫ জন, রাজশাহী-৪ আসনে ৪ জন, রাজশাহী-৫ আসনে ৭ জন ও রাজশাহী-৬ আসনে আছেন ৪ জন প্রার্থী। প্রায় সব আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

রাজশাহীর ছয়টি আসনে ৭৭৮টি ভোটকেন্দ্র আছে। জেলায় মোট ভোটার ২২ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ২১ হাজার ৫৫৭, নারী ১১ লাখ ৪৭ হাজার ৯১৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৮ জন। রাজশাহীর ছয়টি আসনে মধ্যে ৯টি উপজেলা, ১৪টি পৌরসভা ও ৭২টি ইউনিয়ন আছে। এর মধ্যে রাজশাহী-২ আসনটি সিটি করপোরেশনের মধ্যে।

গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনে ৪টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৭০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ৮৮৪ জন। নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৮১৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এই আসনে ভোটকেন্দ্র আছে ১৫৯টি। 

রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৩৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৪৬৫ জন ও নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৮৫৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮জন। কেন্দ্র আছে ১১৫টি। ভোটকেন্দ্র আছে ১১৫টি।

রাজশাহী-৩ আসনের পবা ও মোহনপুর উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ, তিনটি পৌরসভা আছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৮৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৬৯০ জন ও নারী ভোটার ২ লাখ ১২ হাজার ১৪৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬ জন। এই আসনে ভোটকেন্দ্র আছে ১৩১টি। 

বাগমারা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৪ আসন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৫২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৬৮ জন ও নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪৪৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪ জন। এই উপজেলায় ভোটকেন্দ্র আছে ১২২টি। 

পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫০ হাজার ২১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন ১ লাখ ৭৪ হাজার ৫৩৯ জন ও নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৭০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৫ জন।  ভোটকেন্দ্র আছে ১৩২টি।

বাঘা ও চারঘাট মিলে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯১১ জন ও নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২জন। ভোটকেন্দ্র আছে ১১৯টি। 

রাজশাহীর রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, রাজশাহীতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সুন্দর এবং সম্প্রীতি বজায় রেখে ভোট উৎসব সম্পন্ন হবে। আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। জনগণ যাতে তাদের ভোটটা সুন্দর করে দিতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কেউ কোনো ধরনের নির্বাচনি আইন ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। 

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট গণনা শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার ব্যবহৃত ব্যালট পেপার সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন। এরপর সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে।