ভারত সীমান্তঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই জেলার তিনটি সংসদীয় আসনের ৫১৫টি কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে এবার ৯টি রাজনৈতিক দলের মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি ভোটাররা এবার গণভোটেও অংশ নিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে সবচেয়ে বেশি অর্থ্যাৎ ৬ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির প্রবীণ নেতা ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা। বাংলাদেশ জামায়াত ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ড. মো. কেরামত আলী।
এছাড়া, নির্বাচনের মাঠে আছেন বাংলাদেশ ইসলামী ফন্ট্রের নবাব মো. শামসুল হোদা (মোমবাতি), জাতীয় পার্টির আফজাল হোসেন (লাঙ্গল), আব্দুল হালিম (ছড়ি) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মনিরুল ইসলাম (হাতপাখা)।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের ড. মু. মিজানুর রহমান। এই আসনে বড় দুই দলের পাশাপাশি আরো রয়েছেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. সাদেকুল ইসলাম, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম বাচ্চু (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. ইব্রাহীম খলিল (হাতপাখা)।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হারুনুর রশীদ লড়ছেন। তার বিপরীতে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। এই আসনে ইসলামী আন্দোলনের মো. মনিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম এবং জেএসডির (রব) মো. ফজলুর ইসলাম খাঁন নির্বাচন করছেন।
নির্বাচন অফিসের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। তাদের মধ্যে পুরুষ ৭ লাখ ২০ হাজার ৭৮৯ জন এবং নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন। আসন ভিত্তিক ভোটার সংখ্যায় ৫ লাখ ১৮১ জন ভোটার নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-১ আসন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৪ লাখ ৬১ হাজার এবং সদর আসনে (চাঁপাইনবাবগঞ্জ-৩) ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন ভোটার রয়েছেন। পুরো জেলায় ৫১৫টি ভোটকেন্দ্রের ২ হাজার ৭৪৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।