বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো। আমরা আশা করি, এই পথ মসৃণভাবে দেশের মানুষের জীবনমান, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অনেক আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মধ্য দিয়ে এই দিনটির সূচনা হয়েছে। এই নির্বাচনের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে এই নির্বাচন একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”