সারা বাংলা

ঝালকাঠির প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভিড়

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

‎শহরের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি সরকারি কলেজ এবং পৌর আদর্শ বিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে গিয়ে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। 

‎‎জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠির দুটি আসনে মোট ২৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৩৫টি। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন ও নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন চারজন।

‎ভোটকে ঘিরে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। এছাড়া সেনাবাহিনী ও নৌবাহিনী টহল দিচ্ছে, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে।

‎নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ ও ৫০টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

‎‎ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

‎ঝালকাঠি-১ আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৮ জন প্রার্থী নির্বাচনি লড়াইয়ে রয়েছেন।