সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজিবনপুর গ্রামে ঘটনাটি ঘটে।
সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির ও ভুক্তভোগী হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, “নির্বাচনকে ঘিরে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে।” এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
স্থানীয়রা জানান, রাতে হারুন অর রশিদের বাড়িতে আগুন জ্বলতে দেখেন তারা। এ সময় বাড়িটিতে জামায়াত নেতার বৃদ্ধ বাবা ও ১২ বছরের ছেলে ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, “বিষয়টি শুনেছি। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”