কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই দলে দলে নারী ভোটাররা নিজ নিজ কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন।
ভোটের মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কেন্দ্রেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি । নির্ধারিত সময়ের আগেই অনেক নারী ভোটার কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। উৎসবমুখর ও শান্ত পরিবেশে তারা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করছেন।
সদর উপজেলার ভোটার নাসরিনের জাহান বলেন, সকাল ৮টায় এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। কোনো ঝামেলা না দেখে খুবই ভালো লেগেছে।
টেকনাফ শামলাপুরের ভোটার সালেহা আক্তার বলেন, বিগত সময়ের ভোটের অবস্থার চেয়ে এবারই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে মনে হলো। এমন পরিস্থিতিতে স্বস্তি লাগছে।
আরেক ভোটার ফয়েজ উল্লাহ বলেন, পুরুষ ভোটার আস্তে-ধীরে আসছেন। তবে নারীরা আগে থেকেই চলে আসতে শুরু করেছেন। নারীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকায় ভোটাররা স্বস্তির সঙ্গে ভোট দিতে পারছেন বলে জানান কয়েকজন নারী ভোটার।
টেকনাফের উত্তর শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সকাল থেকে ১১টা পর্যন্ত ১১০ কেন্দ্রে ৩৩ শতাংশ ভোট পড়েছে।
কক্সবাজারের চারটি সংসদীয় আসন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া), কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া), কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)। এসব আসনে বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কক্সবাজারে মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৮৭টি। এসব কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৮ লাখ ২৯ হাজার ১৪২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৬ হাজার ০২৮ জন, নারী ভোটার ৮ লাখ ৬৩ হাজার ১০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।