ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াৎ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দেন এই প্রবীণ অভিনেতা।
গত তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে বাংলাদেশের সব নির্বাচনেই ভোট প্রদান করেছেন আবুল হায়াৎ। ছাব্বিশের নির্বাচনসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের অভিজ্ঞতা রয়েছে তার। এবার ভোট দেওয়ার পর আবুল হায়াৎ বলেন—“এবারের নির্বাচনের পরিবেশ ভালো, সুন্দর।”
আজ সকাল পৌনে ১০টার কিছু আগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আবুল হায়াত। পরে তিনি গণমাধ্যমে বলেন, “এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো, সুন্দর। এখন পর্যন্ত কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি।”
প্রত্যাশা ব্যক্ত করে আবুল হায়াৎ বলেন, “যোগ্য প্রার্থীরা ভোটে জয়ী হোক, এটাই চাই। জেনুইন একটা পার্টি সরকার পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে।”
ভোটকেন্দ্রে আবুল হায়াৎ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।