বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জয়-পরাজয় মহান আল্লাহ নির্ধারন করেন। আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আমাদের আদর্শ পৌঁছে দেওয়া। এখন জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর খুলনার ফুলতলা উপজেলার পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ধারিত হবে।” তিনি ভোটের পরিবেশকে ইতিবাচক আখ্যা দিয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন ও হাজারো মানুষের আহত-নির্যাতনের স্মৃতি রয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আজকের ভোট তাৎপর্যপূর্ণ।”
তিনি সারা দেশের ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দিক-নির্দেশনা নির্ধারণ করবেন।”
২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে মিয়া গোলাম পরওয়ার জানান, সে সময় কেন্দ্রে এলে গ্রেপ্তারের কথা বলা হয়েছিল। এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি এটিকে পরিবর্তিত বাংলাদেশের চিত্র বলে উল্লেখ করেন।