বিনোদন

ভোট: সারা রাত ঘুমাতে পারেননি প্রভা

উৎসবমুখর পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজ জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন আলোচিত এই অভিনেত্রী। 

ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রভা। তিনি জানান, উত্তেজনা ও আনন্দের কারণে গত রাতে ঘুমই হয়নি তার।  

অনুভূতি ব্যক্ত করে সাদিয়া জাহান প্রভা বলেন, “পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনই লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে, উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি।” 

পেশাগত জীবন নিয়ে ব্যস্ত থাকার পরও নিজের শিকড়ে গিয়ে ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রভা। তার ভাষায়, “অনেকে বলেছেন, ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি। 

ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে বেড়ে ওঠা প্রভার জীবনকে গঠন করেছে। সকালে কোরআন শিক্ষা, স্কুলে পড়াশোনা, বিকালে গান বা ছবি আঁকা—সব মিলিয়ে তার শৈশব কেটেছে এক সমন্বিত পরিবেশে। তিনি হামদ-নাত ও দেশাত্মবোধক গানে পুরস্কার পাওয়ার কথাও মনে করিয়ে দেন। 

দেশ নিয়ে প্রত্যাশার কথাও ব্যক্ত করেছেন প্রভা। তার মতে, “আমি যে বাংলাদেশে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ—সবই চাই। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যেন শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারেন, সেটাও চাই। একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।” 

ভোটের দিনটিকে নিজের জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, “শৈশবের মতোই সম্প্রীতিময় একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা।”