ঢাকার সাভারের আশুলিয়ায় বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে পৃথক দুটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন এ তথ্য জানিয়েছেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, বুধবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং নলাম ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করেন সেনাবাহিনীর একটি দল। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং ঢাকা-১৯ (সাভার) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আটকদের মধ্যে ৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মূলত এই চারজন না বুঝে কেন্দ্রে এজেন্টের কাগজ আনতে গিয়েছিলেন। এরপরও ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেবিষয়ে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, অপর একটি কেন্দ্র মূলত কিন্টার গার্ডেন স্কুল এবং ওই স্কুল ভবনে বাসা রয়েছে। আটককৃতরা ওই বাসায় যাচ্ছিলেন বলে দাবি করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তাদের উপস্থাপন করা হবে, পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।