ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
হাসপাতালে ভর্তি বিএনপি কর্মী সিদ্দিকুর রহমান বলেন, “কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সময় জামায়াতের লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। আমাদেরও ১০-১২ জন আহত হন।”
বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, “অপরাধের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। কেউ কোন ধরনের অপরাধ করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।”
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, “শরণখোলায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।”