সারা বাংলা

ফরিদপুর-২: বিএনপি নেতাসহ আটক ৩ 

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে ভোটগ্রহণে প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কালাম মাস্টার, আমজাদ হোসেন ও মো. রবিউল। স্থানীয়দের দাবি, কালাম মাস্টার ও রবিউল বিএনপি প্রার্থীর সমর্থক ও আমজাদ বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের সমর্থক।

স্থানীয়রা জানান, আটক কালাম মাস্টার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

এ বিষয়ে জানতে যোগোযোগ করা হলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা কোনো বক্তব্য দেননি।

ফরিদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আকরাম আলীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”