সারা বাংলা

কুষ্টিয়ায় কেন্দ্রের ভেতরে ভোট চাইতে গিয়ে আটক বিএনপি নেতা

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে গিয়ে ভোট চাওয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনকে কেন্দ্রের ভেতর থেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন; যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, “নির্বাচনি আইন অমান্য করে কেন্দ্রের ভেতরে প্রচার চালানোর অভিযোগে আমজাদ হোসেনকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।”

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানান, তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রশাসন জানিয়েছে, বর্তমানে ভোটকেন্দ্রের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।