জাতীয়

‘কষ্ট হলেও ভোট উৎসব থেকে বঞ্চিত থাকতে চাইনি’

দুর্ঘটনায় আহত হয়ে হাঁটতে পারেন না জাহানারা বেগম (৫৩)। তারপরও তিনি ভোট দিতে এসেছেন। হুইলচেয়ার করে ভোট দিতে আসা জাহানারা বেগম বলেন, “কষ্ট হলেও এবারের ভোট উৎসব থেকে বঞ্চিত থাকতে চাইনি।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র ভোট দিতে এসে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “আমি হুইলচেয়ার করে ভোট দিতে এসেছি। উপযুক্ত পরিবেশ ছিল না বলে গত নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিলাম। এবারের জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর। তাই কষ্ট করে ছেলেকে নিয়ে আসছি ভোট দিতে।”

জাহানারা বেগমের ছেলে মাঞ্জুর-ই এলাহি রাইজিংবিডি ডটকমকে বলেন, “মা অসুস্থ, তবুও জোর করে এসেছে ভোট দিতে। আজকে খুব সুন্দর পরিবেশে উৎসবমুখর ভোট হচ্ছে।”

একই কেন্দ্রে ভোট দিতে এসেছেন প্রবীণ নাগরিক আনোয়ারা বেগম (৭০)। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজকে খুব সকালে উঠে ভোট দিতে আসছি। গত কয়েকবার ভোটে আসছিলাম, কিন্তু তখন বলতো ভোট হয়ে গেছে। কিন্তু এবার খুব ভালো পরিবেশে ভোট হচ্ছে।”

সত্তর বছরের প্রবীণ নাগরিক সালেহা বেগম (৭০)। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজকে খুব ভালো পরিবেশে দেখলাম। ভোট দিয়েছি। মেলাদিন পর এমন পরিবেশে ভোট দিয়েছি।”