চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করায় ভোটারদের ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক বলেন, সকাল থেকে আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায় একাধিক কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁকে অভিভূত করেছে বলে জানান তিনি। অনেক ভোটার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সন্তোষ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।
মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘যাঁদের কেন্দ্র করে আমাদের সব আয়োজন, সেই সম্মানিত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসেছেন। রিটার্নিং কর্মকর্তা হিসেবে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি বলেন, উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই স্পিরিট ও একই গতিতে কাজ করেছে।
জাহিদুল ইসলাম বলেন, “আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি- বাংলাদেশের পক্ষেও সম্ভব একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করা।”
তিনি আরো বলেন, “আমি মনে করি, আমাদের আয়োজন সার্থকতা পেয়েছে। ভোটগ্রহণ এখনো চলছে। আমরা চাই নির্বাচন শেষ পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হোক। আমরা বাংলাদেশকে জিততে দেখতে চাই, জিততে দেখতে চাই এ দেশের মানুষের স্বপ্নকে।”
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আপনার-আমার সন্তানরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে। সেই স্বপ্ন বাস্তবায়নে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকল বিভাগ একযোগে কাজ করেছে। তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।”
তিনি আশা প্রকাশ করেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে দেশ উপনীত হয়েছে।
এর আগে জেলা প্রশাসক বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি চন্দনাইশের দোহাজারী জামিরজুরি আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়, পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়, সাতকানিয়ার উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরী উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কৃষি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) মোস্তাক আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই গণতন্ত্রের শক্তি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।