জাতীয়

৩৬ হাজার ৩১ কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন (দুপুর) পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।

সচিব বলেন, “এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি ভালো রয়েছে। আমি নিজে দুইটি কেন্দ্র ঘুরে এসেছি।”

কোনো কেন্দ্রে ভোট বন্ধ হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের কাছে কয়েকটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করা ছাড়া কিছু বলা যাচ্ছে না।”

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।