শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে ওই আসনের ভোট স্থগিতের আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বকাউল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান।
তিনি বলেন, ‘‘শরীয়তপুর-২ আসনে ভোট স্থগিতের আবেদন করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী মাহমুদ বকাউল। তিনি আমার হোয়াটসঅ্যাপে এই সংক্রান্ত একটি আবেদন পাঠিয়েছেন। তার দাবি বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে। তবে আমি আমার প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে শতভাগ নিশ্চিত হয়েছি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি তার আবেদনের প্রেক্ষিতে একটি লিখিত প্রতিবেদন রিটার্নিং অফিসারকে পাঠিয়েছি।’’
এ প্রসঙ্গে মাহমুদ হাসান বকাউল বলেন, ‘‘আজ সকাল থেকে শরিয়তপুর-২ আসনে ভোটগ্রহণে অনিয়ম হয়েছে। তাই প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট স্থগিতের আবেদন জানিয়েছি।’’