ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কক্সবাজারের টেকনাফের শামলাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে এক ব্যতিক্রমী মানবিক দৃশ্য। দায়িত্ব পালনের পাশাপাশি এক নারী ভোটারের শিশুসন্তানকে কোলে নিয়ে তাকে নির্বিঘ্নে ভোট দিতে সহায়তা করেন আনসার সদস্য সৈয়দ আলম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কেন্দ্রটিতে ছিল চোখে পড়ার মতো ভোটারের উপস্থিতি। এ সময় শিশু সন্তানকে নিয়ে ভোটকেন্দ্রে আসেন শরিফা আক্তার। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া তার জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে। বিষয়টি নজরে আসতেই এগিয়ে যান দায়িত্বরত আনসার সদস্য সৈয়দ আলম। তিনি শিশুটিকে কোলে নিয়ে শরিফা আক্তারকে স্বাচ্ছন্দ্যে ভোটকক্ষে প্রবেশের সুযোগ করে দেন।
ভোট প্রদান শেষে কৃতজ্ঞতা জানিয়ে শরিফা আক্তার জানান, “সন্তানকে নিয়ে লাইনে দাঁড়ানো কঠিন হচ্ছিল। আনসার সদস্য সহযোগিতা করায় তিনি শান্তভাবে ভোট দিতে পেরেছেন।
এ বিষয়ে সৈয়দ আলম বলেন, “নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ভোটারদের সহযোগিতা করাও আমাদের দায়িত্ব। একজন মা যেন নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই চেয়েছি।”
সৈয়দ আলম টেকনাফের পল্লানপাড়ার বাসিন্দা।
সৈয়দ আলমের সহকর্মী আনসার সদস্য সাদেক বলেন, “সৈয়দ আলম মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি যে সহমর্মিতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।”
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জারিফ রহমান বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আনসার সদস্য সৈয়দ আলমের মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়। এতে ভোটাররা উৎসাহিত হন। এমন আচরণ ভোটের পরিবেশকে আরো ইতিবাচক করে তোলে।”
দায়িত্ব ও মানবিকতার সমন্বয়ে শামলাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবেই চলেছে।