সারা বাংলা

হবিগঞ্জে দুটি ভোটকেন্দ্রে সংঘর্ষ, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জ-২ আসনের দুটি ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নাসির মিয়া নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে সন্দেহজনক আচরণের অভিযোগে ৭ কিশোরকে আটকের পর অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলার বাগাহাতা ও মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়। কারাদণ্ডপ্রাপ্ত নাসির মিয়া মন্দরী গ্রামের গেদু মিয়ার ছেলে। 

বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানিয়েছেন, মন্দরী কেন্দ্রে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুর বাছিত আজাদ ও বিএনপির প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাসিরকে আটক করে। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফি উল্যাহ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাসিরকে দুই বছরের কারাদণ্ড দেন। সেনাবাহিনী তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।

অন্যদিকে, বাগাহাতা ভোটকেন্দ্রে একসঙ্গে উপস্থিত হয়ে সন্দেহজনক আচরণ করায় ৭ কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভোট গ্রহণ শেষে মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।