সারা বাংলা

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে স্ত্রীকে তালাক দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর স্বামীর নাম ইসমাইল হোসেন কাওসার। তিনি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং একই এলাকার মৃত ইউসুফ হাজারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে স্ত্রীকে  ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন কাওসার। কিন্তু স্ত্রী প্রথমবার ভোটার হওয়ায় উচ্ছ্বাস নিয়ে সকালে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। তখন কাওসার ঘুমিয়ে ছিলেন। 

বিকেলের দিকে কাওসার বাড়ির বাইরে গেলে জানতে পারেন, তার স্ত্রী ভোট দিয়েছেন। বাড়ি ফিরে কাওসার স্ত্রীর কাছে ঘটনার সত্যতা জানতে চান। স্ত্রী ‘হ্যাঁ’ বললে কাওসার ক্ষিপ্ত হয়ে তাকে তালাক দিয়ে ঘরে ঢুকতে নিষেধ করেন। ঘটনা জানাজানি হলে আশপাশের লোকজন কাওসারকে আটক করে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে কাওসার কৌশলে পালিয়ে যান।

সৌরভ পাটোয়ারী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘বিয়ের পর থেকেই কাওসার সামান্য বিষয় নিয়েও তার স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে সালিসি বৈঠক হয়েছে। ভোট দেওয়া নিয়ে এমন একটি ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।’’ 

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াই বাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সঙ্গে বিয়ে হয় কাওসারের। পরিবারে তাদের আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮) ও ইসরাত জাহান ইসমাত (৪) নামে তিন সন্তান রয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি আমি অবগত না। তবে এমন ঘটনা কখনোই কাম্য নয়।