ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ‘ঘরের ছোল’ হিসেবে বগুড়ার মানুষ যে মর্যাদা দেয়, ভোটের রায়েও তার প্রতিফলন দেখা গেল। পৈত্রিক জেলার মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করেছেন।
তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ জন ভোটার তাদের রায় দিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান তার কার্যালয়ে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এই আসনের ১৫০টি কেন্দ্রের মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩। এর মধ্যে বৈধ ভোট কাস্টিং হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯টি।
বগুড়া-৬ আসনে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০৮টি ভোট।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী দিলরুবা নূরী মই প্রতীকে পেয়েছেন ৭৯৫টি ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন ২৭৬ ভোট।
এ দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষ হওয়াসাপেক্ষে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।