বগুড়ার ৭টি সংসদীয় আসনের ৬টিতে বিপুল ভোটে এবং একটিতে অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীরা। সবগুলো আসনেই বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগুড়া-১ ( সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম ১ লাখ ১২ হাজার ৯২৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. শাহাবুদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে ৫৬ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের মীর শাহে আলম ৫২ হাজার ৭০৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে। তিনি মোট ১ লাখ ৪৫ হাজার ১৩৭টি ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহাদুজ্জামান পেয়েছেন ৯২ হাজার ৪৩৩ ভোট। এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৪টি এবং ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৩৪০ জন।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে বিএনপির আব্দুল মহিত তালুকদার ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৬ হাজার ৩৮০ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৪৬ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মোশাররফ হোসেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৬১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৫ ভোট। এই আসনের মোট ভোট কেন্দ্র ১১৪টি এবং ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৯৩।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভোটাররা বিপুল ভোটে জয়ী করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. দবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ৫ হাজার ৫১২ ভোট।
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন মোরশেদ মিল্টন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।