বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ তালিকার অন্যতম নাম রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর। এ জুটির প্রেম নিয়ে দীর্ঘদিন চর্চা হয়েছে। যদিও পরে জানা যায়, ভেঙে গেছে তাদের সম্পর্ক।
প্রেম ভেঙে গেলেও সালমানের সঙ্গে লুলিয়ার সম্পর্ক এখনো ভালো। জন্মদিনের পার্টি কিংবা সালমানের পারিবারিক অনুষ্ঠানেও তাকে দেখা যায়। এবার প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বললেন লুলিয়া।
ভারতীয় সংবাদ সংস্থা আইএনএস-কে সাক্ষাৎকার দিয়েছেন লুলিয়া। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, সালমান খানের কাছ থেকে সেরা পরামর্শ কী পেয়েছেন? জবাবে লুলিয়া বলেন, “আমাকে তিনি সেরা যে, পরামর্শটি দিয়েছেন তা হলো—‘নিজের মতো থাকো, বেশি কিছু করার চেষ্টা করো না। শুধু উপস্থিত থাকো এবং নিজের প্রতি সৎ থাকো’। কারণ সেটাই ক্যামেরায় ফুটে উঠবে।”
সম্প্রতি ‘তেরে সাং’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন লুলিয়া ভান্তুর। এতে তার সঙ্গে দ্বৈভাবে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এ গানের কথাও লেখেছেন লুলিয়া। এ গান নিয়ে সালমান খান কী প্রশংসা করেছেন?
এ প্রশ্নের জবাবে লুলিয়া বলেন, “অবশ্যই। আমার গানটি খুব পছন্দ করেছেন তিনি। এ কারণে গানটি পোস্টও করেছেন। এটি সুন্দর একটি কম্পোজিশন। অরিজিৎ সিং যখন কণ্ঠ দিয়েছেন, তখন তা আরো সুন্দর হয়েছে। আবেগ, সুর—সবকিছুই সমৃদ্ধ হয়েছে। তার কণ্ঠ জাদুকরি; তাই গানটি সুন্দর ছাড়া অন্য কিছু হতেই পারে না।”
খুব শিগগির সালমান খানের সঙ্গে কোনো কাজ করবেন কি না? এ প্রশ্নের জবাবে হাসতে হাসতে লুলিয়া বলেন, “না।”
এর কারণ ব্যাখ্যা করে লুলিয়া বলেন, “আমি তার কাজ পছন্দ করি। আমি তার কাজকে সম্মান করি। ৩৫ বছরে অসাধারণ কাজ উপহার দিয়ে আমাদের জন্য একটি ঐতিহ্য রেখে গেছেন; বহু অভিনেতার জন্য সুযোগ সৃষ্টি করেছেন। কিন্তু আমার মনে হয়, যখনই তিনি কাউকে সাহায্য করার চেষ্টা করেন, তখনই অনেক মানুষ সেটার বিরুদ্ধে যায়।”
কারো কাছ থেকে সুবিধা নিতে চান না লুলিয়া। এ বিষয়ে পরিষ্কারভাবে এই অভিনেত্রী বলেন, “আমি কারো সুবিধা নেওয়ার জন্য এখানে আসিনি; কোনো সম্পর্কের সুযোগ নিতে চাই না। আমি আমার নিজের সৃজনশীলতা ও প্রতিভা দিয়ে সুন্দর প্রকল্প তৈরি করতে এসেছি। আমি আমার নিজস্ব পরিচয় গড়ে তুলতে কাজ করছি।”
সালমান খান ও লুলিয়ার প্রেমের গুঞ্জন শুরু হয় অর্পিতা খানের বিয়ের সময়ে। বিয়েতে লুলিয়াকে ‘গার্লফ্রেন্ড’ হিসেবে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সালমান। পরে ফার্মহাউজে একসঙ্গে ডিনারও সারেন তারা। সেই ছবি ফাঁস হয়েছিল ইন্টারনেটে।
এরপর রোমানিয়ার এক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সঙ্গে এনগেজমেন্ট হয়েছে লুলিয়া ভান্তুরের। তারপর সালমান-লুলিয়ার প্রেম নিয়ে কম গুঞ্জন হয়নি।