বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খবর আল-জাজিরার।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রেসিডেন্ট ‘এক্স’ অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, “বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং বাংলাদেশের জনগণকে তাদের সফল, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাচ্ছেন।”
তারেক রহমান ও বিএনপিকে মেনশন করে পাকিস্তানের প্রেসিডেন্ট আরো লিখেছেন, “পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং পারস্পরিক অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।”
এর আগে, বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মোদি লিখেছেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।”
ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরো বলেন, “এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।”
ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদি।
তিনি আরো বলেন, “আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।”
তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্রও।
ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুকে একটি পোস্টে বলেছে, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।”
পোস্টে আরো বলা হয়, “আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”