ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্রদ-পাহাড়ের জেলা রাঙামাটির আসনে নিজের বিজয়কে রাঙামাটির আপামর জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শুক্রবার দুপুরে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
জনবান্ধব রাজনীতির আহ্বান জানিয়ে বিজয়োত্তর সংবর্ধনা অনুষ্ঠানে দীপেন দেওয়ান বলেন, তৃণমূল মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে এবং তাদের ভাগ্য তারেক রহমানের ওপর সঁপে দিয়েছে। আমরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের আচরণও সেই রকম হতে হবে। আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে। আমাদের এই জয় একটি চ্যালেঞ্জিং জয়। এই বিজয়ের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এখন থেকে নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।
তিনি বলেন, আমাদের বিজয় সম্প্রীতির রাঙামাটি গড়ার বিজয়। নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবো, কোনো বিরোধ বাইরে নেবো না। যদি বিএনপিকে আগামী পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান, তবে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে।
গত ১৭ বছরে যারা হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে দীপেন দেওয়ান বলেন, বিএনপির যে সব নিঃস্ব পরিবার রয়েছে, তাদের পাশে দাঁড়ানো দলের নৈতিক দায়িত্ব। তিনি জানান, এই সময়টাতে বিজয় মিছিল না করে জনগণের পাশে দাঁড়ানোই হবে দলের প্রধান কাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।